নিজের পোষ্য প্রাণীর ক্যামেরায় ধরা পড়ল প্রেমিকের আসল রূপ, ট্রিপ থেকে ফিরে তরুণীর মাথায় আকাশ ভেঙে পড়ল – এবেলা
এবেলা ডেস্কঃ
আজকালকার দিনে সম্পর্কের বুনন বিশ্বাসের ওপর টিকে থাকলেও মাঝে মাঝে প্রযুক্তি এমন কিছু অপ্রিয় সত্য সামনে এনে দেয় যা কল্পনা করাও কঠিন। ঠিক এমনটাই ঘটল ২৯ বছর বয়সী এক তরুণীর সাথে। বান্ধবীদের নিয়ে এক সপ্তাহের জন্য বিদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। বাড়িতে রেখে গিয়েছিলেন তাঁর ৩৫ বছর বয়সী প্রেমিককে। বাড়িতে পোষ্য কুকুরের দেখাশোনার জন্য লাগানো ছিল একটি ‘পেট ক্যামেরা’। আর সেই ক্যামেরাই ফাঁস করে দিল গত দুই বছরের সম্পর্কের নেপথ্যে থাকা এক অন্ধকার দিক।
রেডিট প্ল্যাটফর্মে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে ওই তরুণী জানান, ট্রিপে থাকাকালীন মাঝেমধ্যেই তিনি ক্যামেরার মাধ্যমে বাড়ির পরিস্থিতি দেখতেন। শুরুতে সব স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে প্রেমিকের আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তিনি। প্রেমিক মেসেজে নিজেকে বাড়িতে আছে দাবি করলেও ক্যামেরার ফ্রেমে তাঁকে দেখা যাচ্ছিল না। তরুণী প্রথমে বিষয়টিকে ক্যামেরার অ্যাঙ্গেলের সমস্যা ভেবে এড়িয়ে গেলেও খটকা লাগে ট্রিপের শেষ রাতে।
সেদিন রাতে প্রেমিক দ্রুত ঘুমিয়ে পড়ার কথা বললেও তরুণীর ফোনে হঠাৎ ক্যামেরা থেকে মোশন নোটিফিকেশন আসে। ক্যামেরা চেক করতেই তিনি দেখেন বাড়ির সব আলো জ্বলছে এবং তাঁদের পোষ্য কুকুরটি অস্বাভাবিকভাবে চিৎকার করছে। অথচ ঘরে প্রেমিকের কোনো চিহ্ন নেই। সন্দেহ দানা বাঁধলে তরুণী বারবার ফোন করা শুরু করেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। এর কিছুক্ষণ পরই দেখা যায় ক্যামেরাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ বা ‘ডিজেবল’ করে দেওয়া হয়েছে।
পরে ক্যামেরাটি কোনোমতে পুনরায় সচল করলে দেখা যায়, দীর্ঘ তিন ঘণ্টা পর প্রেমিক বাড়িতে ফিরছেন। অথচ ফিরে এসে তিনি এমন আচরণ করতে থাকেন যেন কিছুই হয়নি। ওই তরুণীর দাবি, ধরা পড়ে যাওয়ার ভয়েই প্রেমিক ক্যামেরা বন্ধ করেছিলেন এবং তাঁর ফোন ধরেননি। এই ঘটনার পর তরুণী এখন চরম অনিশ্চয়তায় ভুগছেন যে এই সম্পর্ক আদেও টিকিয়ে রাখা সম্ভব কি না।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা জানাজানি হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, যে পুরুষ লুকোছাপা করে বা ক্যামেরা বন্ধ করে দেয় সে নিশ্চিতভাবেই বিশ্বাসভঙ্গ করেছে। আবার অনেকের মতে, সম্পর্কের মধ্যে এভাবে নজরদারি চালানোও সুস্থ লক্ষণ নয়। তবে সব মিলিয়ে একটি পোষ্য প্রাণীর জন্য লাগানো ক্যামেরা যে এভাবে সম্পর্কের ফাটল ধরিয়ে দেবে, তা ওই তরুণী স্বপ্নেও ভাবেননি।

