নিজের সন্তানকে হারিয়েও অন্যের প্রাণ বাঁচালেন মা বাবা, ১০ মাসের আলিন পেল রাষ্ট্রীয় সম্মান
নিউজ ডেস্ক : শোকের মুহূর্ত থেকেও কি কারো মুখে হাসি ফোটানো সম্ভব? কেরালাবাসীকে সেই অসাধ্য সাধন করে দেখাল মাত্র দশ মাস বয়সি শিশু আলিন শেরিন আব্রাহাম। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়ার পর খুদে আলিনের অঙ্গদানে নতুন জীবন পেল পাঁচটি পরিবার। তার মধ্যে মাত্র ছয় মাস বয়সি একটি শিশুও রয়েছে। সন্তান হারানোর তীব্র যন্ত্রণার মাঝেও আলিনের বাবা-মায়ের এই সাহসী মানবিক সিদ্ধান্ত আজ গোটা দেশের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
অঙ্গদানের কোনো নির্দিষ্ট বয়স হয় না, ছোট্ট আলিন যেন শেষবার পৃথিবীকে সেটাই শিখিয়ে গেল। আলিনের লিভার, কিডনি ও হার্টের ভাল্ভের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এখন অন্যদের শরীরে বেঁচে থাকবে। এই নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন খুদেকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, ব্যক্তিগত শোকের চেয়েও বড় মানবিকতা হয়, তা আজ আলিন ও তার পরিবার প্রমাণ করে দিল।
