নিথর মুণ্ডু পাশে রেখে পরম নিশ্চিন্তে রান্না! আইসক্রিম বিক্রেতার নৃশংস পরিণতিতে শিউরে উঠল দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে এক রোমহর্ষক হত্যাকাণ্ডের সাক্ষী থাকল পারসওয়াল গ্রাম। সামান্য বচসা থেকে এক আইসক্রিম বিক্রেতাকে কুপিয়ে খুনের পর তাঁর কাটা মাথা নিয়ে সটান বাড়িতে ঢুকে পড়লেন ঘাতক। শুধু তাই নয়, নিথর সেই মুণ্ডু পাশে রেখেই রান্নাঘরে খাবার তৈরিতে মগ্ন হয়ে পড়লেন অভিযুক্ত শঙ্কর যাদব। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হতে পারেন অথবা কোনো চরম আক্রোশ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম বাবলু। তিনি প্রতিদিনের মতো গ্রামে আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দা শঙ্কর যাদবের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝগড়া চলাকালীন আচমকাই কাস্তে দিয়ে বাবলুর ওপর ঝাঁপিয়ে পড়েন শঙ্কর এবং প্রকাশ্যে তাঁর শিরোচ্ছেদ করেন। ঘটনার নৃশংসতা এখানেই শেষ নয়; খুনের পর ওই কাটা মাথা হাতে নিয়ে দিব্যি হেঁটে নিজের বাড়িতে ঢুকে যান অভিযুক্ত।
খবর পেয়ে এসপি অর্পিত বিজয়বর্গীয়র নির্দেশে বিশাল পুলিশবাহিনী গ্রামে পৌঁছলে তারা হতবাক হয়ে যায়। দেখা যায়, বাড়িতে রক্তাক্ত মুণ্ডু পাশে রেখে নির্বিকার চিত্তে রান্না করছেন শঙ্কর। পুলিশ তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে এবং খুনের অস্ত্রটি বাজেয়াপ্ত করে। বাবলু ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তানের ভবিষ্যৎ এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।

