নিয়োগ দুর্নীতিতে বড় মোড় শান্তি প্রসাদ সিনহার জামিন মঞ্জুর করল হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের বহুল চর্চিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক নাটকীয় মোড় এল। প্রায় সাড়ে তিন বছর জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ইডির দায়ের করা মামলায় এই জামিন মঞ্জুর করেছেন।
২০২২ সালের ১০ আগস্ট প্রথমে সিবিআই এবং পরবর্তীতে ইডি তাকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ সময় বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর মুক্তি পেলেও আদালতের পক্ষ থেকে অত্যন্ত কড়া শর্ত আরোপ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, শান্তি প্রসাদ সিনহা তার নির্ধারিত এলাকার বাইরে যেতে পারবেন না এবং তাকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি, দুটি সচল ফোন নম্বর তদন্তকারী আধিকারিক ও আদালতকে দিতে হবে যাতে প্রয়োজনে যোগাযোগ করা যায়। বিচারপতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা বা তথ্যপ্রমাণ লোপাটের সামান্যতম ইঙ্গিত মিললে তৎক্ষণাৎ বাতিল হবে এই জামিন।
উল্লেখ্য, গত কয়েক মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের মতো প্রভাবশালী ব্যক্তিরাও জামিনে মুক্তি পেয়েছেন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শান্তি প্রসাদ সিনহার এই মুক্তি রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। একদিকে বিরোধী দলগুলো এই দুর্নীতিকে হাতিয়ার করে শাসকদলের ওপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই অভিযুক্তদের থেকে দূরত্ব বজায় রাখার পথে হেঁটেছে। ভোটের উত্তাপের মধ্যে এই মুক্তি রাজ্য রাজনীতিতে ঠিক কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

