নিরাপত্তা ও ভূ-রাজনীতি নিয়ে অজিত ডোভাল ও মার্কিন রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির আবহে দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবারের এই আলোচনাকে দু’পক্ষই অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ বলে অভিহিত করেছে। বৈঠকে ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সূত্র মারফত জানা গেছে, বৈঠকে ভূ-রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড দমনে দুই দেশের যৌথ পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। সম্প্রতি কলকাতায় কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইক এবং উত্তরপ্রদেশ ও দিল্লি থেকে একাধিক ইউক্রেনীয় নাগরিক গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রেপ্তার হওয়া ম্যাথু ভ্যানডাইকের সঙ্গে আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর যোগসূত্র এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিপূর্বে এই ধরণের আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছিলেন। এই সংবেদনশীল প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অজিত ডোভালের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

