লেটেস্ট নিউজ

নিরাপত্তা নিয়ে উদ্বেগ বজবজে বিডিও অফিসের সর্বদলীয় বৈঠক বয়কট করল বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

বজবজ-১ বিডিও অফিস চত্বরে কর্মী ও নেতাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সর্বদলীয় বৈঠক বয়কটের ডাক দিয়েছে বিজেপি। সোমবার বজবজ বিধানসভা কেন্দ্রের বিজেপি নির্বাচনী কমিটি এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। পদ্মশিবিরের দাবি, নির্বাচন কমিশন বিডিও অফিস চত্বরে তাঁদের কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান না করা পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে।

বিজেপি নেতা হরিকৃষ্ণ দত্ত জানিয়েছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় বৈঠক শেষে বেরোনোর পথে বিজেপি প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ কমিশন নিযুক্ত সাধারণ পর্যবেক্ষক আশিস কুমারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় নেতৃত্ব। উল্লেখ্য, পর্যবেক্ষক প্রতিদিন বিডিও অফিসে নির্দিষ্ট সময়ে অভিযোগ শোনার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, এলাকায় শান্তিপূর্ণ ভোট পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন ছয় দফা নির্দেশিকা জারি করেছে। এই গাইডলাইন কার্যকর করতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ঈশানী পাল প্রতিটি থানা পরিদর্শন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। রবিবার ও সোমবার মিলিয়ে মহেশতলাসহ বিভিন্ন থানায় গিয়ে পরিস্থিতির রূপরেখা তৈরি ও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *