নিরাপত্তা শঙ্কায় ‘বাংলাদেশ মডেল’ অনুসরণ করতে চায় ইরান; ফিফার কাছে আবেদন – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করার পর, ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নেওয়া অবস্থানের আদলে ইরানও এখন ‘নিরপেক্ষ ভেন্যু’ বা অন্য আয়োজক দেশে খেলার প্রস্তাব দিয়েছে।
ইরান ফুটবল ফেডারেশন স্পষ্ট করেছে যে, বিশ্বকাপ ফিফার ইভেন্ট এবং তারা তাদের যোগ্যতা অনুসারেই খেলবে। ১৫, ২১ ও ২৬ জুন লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেলে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ইরানের ম্যাচগুলো নির্ধারিত রয়েছে। লজিস্টিক সমস্যার কারণে এই ম্যাচগুলো শেষ মুহূর্তে মেক্সিকোতে স্থানান্তর করা কঠিন বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা।
ফিফা এখনো ইরানের এই দাবিতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। সূচি অনুযায়ী ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও, ইরান তাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। শেষ পর্যন্ত ফিফা কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করে কি না, এখন সেটাই দেখার বিষয়। ইরান সরাসরি জানিয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করতে চায় না, তবে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

