নিরাপত্তা শঙ্কায় বাতিলের মুখে পাকিস্তান সুপার লিগ! পিসিবি-র কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ বর্তমানে গভীর সংকটের মুখে। সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি বিমান বাহিনীর হামলার জেরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধের আশঙ্কার পাশাপাশি পাকিস্তানে বিদেশি নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার হুমকি তৈরি হয়েছে। ফলে টুর্নামেন্টটি স্থগিত বা পুরোপুরি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বড় আর্থিক ধাক্কা হতে পারে।
অস্ট্রেলিয়া সরকার ইতিপূর্বেই তাদের নাগরিক ও ক্রিকেটারদের পাকিস্তান সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা অজি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশগ্রহণের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাদের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। পেশাওয়ার ও রাওয়ালপিন্ডির মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ শহরগুলোতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকায় বিদেশি খেলোয়াড়রা নিরাপত্তার খাতিরে নাম প্রত্যাহার করে নিতে পারেন।
ইতিমধ্যেই আইপিএল এবং ব্যক্তিগত কারণে বেশ কিছু খেলোয়াড় পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন। এর ওপর অস্ট্রেলীয় ক্রিকেটার ও কোচিং স্টাফরা যদি নিরাপত্তা অজুহাতে নাম প্রত্যাহার করেন, তবে টুর্নামেন্টের জৌলুস হারানোর পাশাপাশি তা আয়োজন করা আসাম্ভব হয়ে পড়বে। পরিস্থিতির অবনতি হওয়ায় আফগান সরকারও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগের ভাগ্য এখন ঝুলে রয়েছে অনিশ্চয়তার সুতোয়।

