লেটেস্ট নিউজ

নির্বাচনকালীন বাসের ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে কমিশনকে ফের চিঠি মালিক সংগঠনের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাস ও মিনিবাসের ‘হায়ারিং চার্জ’ এবং কর্মীদের টিফিন ভাতা বৃদ্ধির দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে পুনরায় আবেদন জানাল ‘ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনের দাবি, বর্তমান বাজারদরের তুলনায় ২০২৪ সালের নির্ধারিত ভাড়া অপর্যাপ্ত। গত ২৯ জানুয়ারি প্রথম চিঠি দেওয়া হলেও কোনো সদুত্তর না মেলায় ফের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, জ্বালানি খরচ বাদে বাসের ভাড়া ২,০৯০ টাকা থেকে বাড়িয়ে ২,৮০০ টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কর্মীদের দৈনিক টিফিন ভাতা ৩০০ টাকা এবং নাইট হল্ট বাবদ ৫০০ টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে পুরনো হারে পরিষেবা দেওয়া আসাম্ভব বলে দাবি মালিকপক্ষের।

পরিবহণ পরিষেবা নির্বিঘ্ন রাখতে ভোটগ্রহণ ৬ থেকে ৮ দফায় সম্পন্ন করার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। সম্পাদক প্রদীপনারায়ণ বসুর স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে রাজ্যের পরিবহণসচিবকেও। নির্বাচনের প্রাক্কালে পরিবহণ মালিকদের এই আর্থিক দাবির বিষয়ে কমিশন ও প্রশাসন কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *