নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ, কমিশন বরাবর তৃণমূল ও বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর সরকারি ক্ষমতা ব্যবহার করে বা সরকারি জায়গায় প্রার্থীর ছবি সংবলিত হোর্ডিং ও পোস্টার রাখা নিয়মবিরুদ্ধ। বিশেষ করে কালীঘাট-সহ বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রচার চালানো হচ্ছে বলে আনুষ্ঠানিক অভিযোগে জানানো হয়েছে।
পাল্টা পদক্ষেপ হিসেবে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের অভিযোগ, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে গিয়ে উস্কানিমূলক স্লোগান দিয়েছেন, যা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। দুই যুযুধান পক্ষই একে অপরের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগে সরব হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এদিকে, নন্দীগ্রামের বিডিও-কে ভবানীপুরে বদলি করা নিয়ে তৃণমূলের আপত্তি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বার্তা, কোনো সরকারি আধিকারিক নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুগামী নন; প্রয়োজন অনুযায়ী যেকোনো আধিকারিককে নির্দিষ্ট স্থানে নিয়োগ করার পূর্ণ এক্তিয়ার কমিশনের রয়েছে। ভোটের মুখে এই পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে কমিশন শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার।

