নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে বড় রদবদল, শিলিগুড়ির সিপি সি সুধাকর অপসারিত – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগে বড়সড় আইপিএস রদবদল করল নবান্ন। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে সরিয়ে উত্তরবঙ্গ গোয়েন্দা বিভাগের (আইবি) আইজিপি পদে পাঠানো হয়েছে। সম্প্রতি শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরের সময় প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে সি সুধাকরকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিতর্কের আবহেই রাজ্য সরকার এই বদলির নির্দেশিকা জারি করল।
সুধাকরের পরিবর্তে শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার করা হয়েছে আইপিএস সৈয়দ ওয়াকার রাজাকে, যিনি আগে মুর্শিদাবাদের ডিআইজি ছিলেন। এছাড়া ভোলানাথ পাণ্ডেকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি এবং সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পূর্ব) পদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজভবনের উচ্চপদস্থ আধিকারিক শান্তি দাস বসাককেও স্পেশ্যাল আর্মস ফোর্সের ডেপুটি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা ও প্রোটোকল ত্রুটির অভিযোগে জেলাশাসক মণীশ মিশ্রকেও আগেই সরানো হয়েছিল। এবার পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরেও এই রদবদল ঘটাল নবান্ন। প্রশাসনিক মহলের মতে, ভোট ঘোষণার ঠিক আগে স্পর্শকাতর পদগুলোতে রদবদল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে চাইছে রাজ্য। মোট পাঁচজন আইপিএস আধিকারিকের এই বদলি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

