নির্বাচনী প্রচারে সরগরম পুরুলিয়া: মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে তৃণমূল ও বিজেপি প্রার্থীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য রাজনীতিতে ভোটের দামামা বাজতেই রবিবাসরীয় প্রচারে কোমর বেঁধে নামলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো এদিন সকালে চাকুলতোড় গ্রাম পঞ্চায়েতের আমচিড়া কালী মন্দিরে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন এবং আমচিড়া ও কাড়ামারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন।
প্রচার চলাকালীন শান্তিরাম মাহাতো গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। ২০১১ সালের পরিবর্তনের পর থেকে এলাকায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, তা বজায় রাখার স্বার্থেই তিনি ভোটারদের কাছে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোসহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক।
অন্যদিকে, পিছিয়ে নেই বিরোধী শিবিরও। জয়পুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো এদিন দেউলঘাটা সিদ্ধেশ্বর ধামে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা করেন। তাঁর সমর্থনে প্রচারে অংশ নেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো এবং জেলা সভাপতি শঙ্কর মাহাতো। উভয় পক্ষই নিজ নিজ খাসতালুকে জনসমর্থন আদায়ে ব্যস্ত থাকায় জেলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

