লেটেস্ট নিউজ

নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিতে পাঁচ রাজ্যে কমিশনের কড়া নির্দেশিকা, জারি হলো আট দফা নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ আচরণবিধি (এমসিসি) কার্যকর করতে আট দফা কঠোর নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছে, সরকারি দপ্তর ও জনসমাগমস্থল থেকে অবিলম্বে সব রাজনৈতিক পোস্টার ও হোর্ডিং সরিয়ে ফেলতে হবে। এছাড়া, নির্বাচনী প্রচারে সরকারি অর্থ বা যানবাহন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাজনৈতিক দলগুলোর জন্য জনসভা বা দেওয়াল লিখনের ক্ষেত্রে গৃহকর্তার আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে সাধারণ মানুষ ১৯৫০ হেল্পলাইন নম্বর অথবা ‘সি-ভিজিল’ অ্যাপ ব্যবহার করতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে কমিশন ৫,৭১৩টি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০টি স্ট্যাটিক সারভেইল্যান্স টিম মোতায়েন করেছে, যারা যেকোনো অভিযোগের ভিত্তিতে ১০০ মিনিটের মধ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

প্রশাসনের উদ্দেশ্যে কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে এবং ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে। কোনো নির্দিষ্ট স্থানে জনসভার অনুমতি পেতে রাজনৈতিক দলগুলোকে ‘সুবিধা’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে অনুমতি প্রদান করা হবে। নির্বাচনী পরিবেশ কলঙ্কমুক্ত রাখাই কমিশনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *