নির্বাচনের মুখে অস্বস্তিতে হুমায়ুন কবীর, বেআইনি বাড়ি নির্মাণে স্ত্রীকে নোটিশ
মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের স্ত্রী মিরা সুলতানাকে নোটিশ পাঠালো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জলা জমির চরিত্র বদল না করে সেখানে ‘বেআইনিভাবে’ বসতবাড়ি নির্মাণ করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মানিক্যহার গ্রামে অবস্থিত ওই বাড়িতেই সপরিবারে বসবাস করেন তৃণমূল থেকে বর্তমানে সাসপেন্ড হওয়া এই নেতা।
অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নালা প্রকৃতির জমির ওপর বাড়িটি তৈরি করা হয়েছে। এই বিষয়ে স্পষ্টীকরণের জন্য প্রশাসন মিরা সুলতানাকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। যদিও মঙ্গলবার চিঠিটি ইস্যু করা হলেও বুধবার পর্যন্ত তা হাতে পাননি বলে দাবি করেছেন হুমায়ুন পত্নী। এই আইনি পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।
সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন, যার ঠিক আগেই নতুন দল গঠন করে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। শাসক শিবিরের বিরুদ্ধে লাগাতার তোপ দাগার মাঝেই পরিবারের ওপর এই আইনি চাপ তাকে কোণঠাসা করার চেষ্টা কি না, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। নির্বাচনের দামামা বাজার মুখে এই ইস্যু মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

