নির্বাচনে ভিন রাজ্যের নেতাদের জন্য দেদার খরচ বিজেপির, ক্ষুব্ধ একাংশ
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলা দখলের লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। এই উদ্দেশ্যে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় ৩ থেকে ৫ জন করে ভিন রাজ্যের বিজেপি নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৮৮২ জন বহিরাগত নেতা বঙ্গে নির্বাচনী প্রচার ও সংগঠনের কাজ সামলাচ্ছেন।
অভিযোগ উঠেছে, এই নেতাদের বিলাসিতা ও দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। নামি হোটেলে থাকা, দামি গাড়ি এবং এলাহী খানাপিনা বাবদ মাথাপিছু মাসে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। হিসেব অনুযায়ী, এই বহিরাগত নেতাদের পেছনে প্রতি মাসে দলের খরচ দাঁড়াচ্ছে প্রায় ১৭ কোটি ৬৪ লক্ষ টাকা।
এই বিপুল ব্যয় নিয়ে দলের অন্দরেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। নিচুতলার কর্মীদের মতে, বুথ স্তরে সংগঠনের শক্তিবৃদ্ধি না করে ভিন রাজ্যের নেতাদের পেছনে এই অর্থ খরচ করা ‘সাদা হাতি’ পোষার সমান। স্থানীয় কর্মীদের গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে দলের একাংশ বলছে, বুথ কর্মীরাই দলের আসল মেরুদণ্ড।

