নির্বাচনে সোশ্যাল মিডিয়া প্রচারে কমিশনের কড়া নজরদারি: মানতে হবে একগুচ্ছ নতুন নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপর নজরদারি আরও জোরদার করছে নির্বাচন কমিশন। এখন থেকে প্রার্থী বা রাজনৈতিক দলগুলিকে ইন্টারনেটে যেকোনো প্রচারের জন্য কমিশনের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’র (এমসিএমসি) কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ই প্রার্থীদের তাঁদের সমস্ত ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য কমিশনকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিজ্ঞাপনের ক্ষেত্রেও স্পষ্ট উল্লেখ থাকতে হবে।
ভোটের ৪৮ ঘণ্টা আগে বা ‘সাইলেন্স পিরিয়ড’-এ সোশ্যাল মিডিয়ায় সব ধরনের প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে প্রার্থীর অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করা যাবে না। ছদ্মনামে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো প্রচার রুখতে প্রতিটি অ্যাকাউন্ট খতিয়ে দেখবে কমিশন। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় প্রচার বাবদ খরচের হিসাব ভোট মেটার ৭৫ দিনের মধ্যে জমা দিতে হবে। টিভি, রেডিও এবং বাল্ক মেসেজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের আইএএস ও আইপিএস আধিকারিকদের অন্য রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তৃণমূলের আইনজীবী অর্ক নাগের করা এই আবেদনে জানানো হয়েছে, আধিকারিকদের স্থানান্তরের ফলে রাজ্যের প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে এই বিষয়ে আদালতের পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

