নির্বাচন উপলক্ষে আসাম ও উত্তরবঙ্গে দেড় হাজার বাসের চাহিদা, চরম ভোগান্তির আশঙ্কায় সাধারণ যাত্রীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আসাম ও উত্তরবঙ্গ জুড়ে পরিবহণ ব্যবস্থায় ব্যাপক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নির্বাচনী কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১,৫০০ বাসের চাহিদা জানিয়েছে আসাম সরকার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একার পক্ষে এই বিপুল চাহিদা মেটানো সম্ভব না হওয়ায় মালদা থেকে কোচবিহার পর্যন্ত বিভিন্ন জেলা থেকে বেসরকারি যানবাহন সংগ্রহের তোড়জোড় শুরু হয়েছে।
আগামী ৯ এপ্রিল আসামে এবং ২৩ এপ্রিল কোচবিহারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর যাতায়াতের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলো থেকে গাড়ি নেওয়া শুরু হবে। দুই রাজ্যের মধ্যে সমন্বয় বাড়াতে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। তবে বিপুল সংখ্যক যানবাহন নির্বাচনী কাজে নিযুক্ত হওয়ায় সাধারণ যাত্রীদের জন্য রাস্তায় বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোচবিহার জেলার ২,৫৩৭টি বুথে ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতে প্রায় ১,৬০০টি গাড়ির প্রয়োজন, যার মাত্র এক-তৃতীয়াংশ বর্তমানে মজুত রয়েছে। ঘাটতি মেটাতে ধুবড়ি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন কোচবিহারের পরিবহণ আধিকারিকরা। দুই রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হলেও, এপ্রিল মাস জুড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে সাময়িক বিশৃঙ্খলা ও চরম হয়রানির আশঙ্কা করা হচ্ছে।

