লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনারকে মমতার নজিরবিহীন হুঁশিয়ারি মে মাসে মেয়াদ শেষ হওয়া নিয়ে তুঙ্গে সংঘাত – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন সংঘাত তৈরি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের মধ্যে। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকের পর এই বাদানুবাদ প্রকাশ্যে আসে। মুখ্যমন্ত্রী সরাসরি তোপ দেগে বলেন, সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস ভালো নয়।

সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্যের পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করেছেন মুখ্য নির্বাচনী কমিশনার। সাফ জানানো হয়েছে, ভোটের সময় কোনো রাজনৈতিক হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। কর্তব্য পালনে গাফিলতি থাকলে ভোটের পরেও সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের এই কড়া অবস্থানের খবর কানে পৌঁছাতেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পালটা প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বৈঠকে অফিসারদের রীতিমতো থ্রেট দেওয়া হয়েছে। মে মাসের পরেও অ্যাকশন নেওয়ার যে হুঁশিয়ারি কমিশনার দিয়েছেন, তাকেই দুঃসাহস বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, রাজ্যে ভোটের পরিবেশ নেই বলে বিরোধীরা যে অভিযোগ তুলেছিল, তা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের আধিকারিকদের মতে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলি রাজ্যে এক বা দুই দফায় ভোট করানোর আর্জি জানালেও কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়।

আগামী ১৫ বা ১৬ মার্চ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে আট দফায় ভোট হলেও এবার সময়ের অভাবে দফার সংখ্যা অনেকটাই কমতে পারে। মে মাসের প্রথম সপ্তাহেই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হতে চলায় হাতে সময় অত্যন্ত কম, তাই দ্রুত ভোট প্রক্রিয়া সম্পন্ন করাই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *