লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের কড়া দাওয়াই, পুলিশি নিষ্ক্রিয়তা রুখতে কঠোর নির্দেশিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করল নির্বাচন কমিশন। সম্প্রতি বাসন্তী থানার আইসি-কে সাসপেন্ড করার পর, থানার ওসি থেকে ডিএসপি পদমর্যাদার আধিকারিকদের জন্য স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের কাজে কোনো ধরনের শিথিলতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না এবং কর্তব্যরত সমস্ত আধিকারিক সরাসরি কমিশনের অধীনে থাকবেন।

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বকেয়া থাকা সমস্ত জামিন অযোগ্য ওয়ারেন্ট ১০ দিনের মধ্যে কার্যকর করতে হবে। এছাড়া, পূর্ববর্তী অপরাধমূলক মামলার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামি ও চিহ্নিত দুষ্কৃতীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হোটেল, লজ এবং আন্তঃজেলা সীমানায় ২৪ ঘণ্টা নাকা চেকিং ও সিসিটিভি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক সংঘর্ষ রুখতে এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচনী প্রচার, জনসভা ও রোড শো-তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ মদ ও বেআইনি কার্যকলাপ রুখতে গোয়েন্দা তথ্য আদানপ্রদানের ওপর জোর দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আইনের ২৮এ ধারা অনুযায়ী, দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশন স্পষ্টভাবে সতর্ক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *