নির্বাচন কমিশনের নজিরবিহীন উদ্যোগ: আবাসন চত্বরেই বুথ, দায়িত্বে এক হাজারের বেশি মহিলা কর্মী – এবেলা
এবেলা ডেস্কঃ
শহুরে ভোটারদের সুবিধার্থে এবং ভোটদানের হার বাড়াতে উত্তর ২৪ পরগনা জেলায় অভিনব পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ৩০০-র বেশি ভোটার থাকা ১৪টি আবাসনের ভেতরেই এবার সরাসরি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এছাড়া ৩৩টি বিধানসভা কেন্দ্রে আধুনিক পরিষেবাসম্পন্ন মডেল বুথ তৈরির পাশাপাশি ১,১২৬টি বুথের সম্পূর্ণ দায়িত্ব সামলাবেন মহিলা কর্মীরাই।
জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরিসারিয়া স্পষ্ট জানিয়েছেন, ভোট প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপ সহ্য করা হবে না। সরকারি বা স্থানীয় প্রশাসনের কোনো কর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরাসরি এফআইআর দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সম্পূর্ণ হিংসামুক্ত রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
জেলায় মোট ৮,৭২৬টি বুথে নির্বিঘ্নে ভোট পরিচালনা করতে প্রতিটি কেন্দ্রে চারজন করে কর্মী থাকবেন। বুথ দখল, ছাপ্পা ভোট বা ভোটারদের ভয় দেখানোর মতো বেআইনি কাজ রুখতে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কর্মীদের সামান্য ঘাটতি থাকলেও দ্রুত তা পূরণের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

