নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত পুলিশকর্তাদের নতুন দায়িত্ব দিল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই রাজ্য পুলিশ ও প্রশাসনের একাধিক শীর্ষ কর্তাকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অপসারিত সেই আধিকারিকদেরই গুরুত্বপূর্ণ নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক রদবদলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রাক্তন ডিজি পীযূষ পাণ্ডেকে এখন ডিরেক্টর সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সুপ্রতিম সরকারকে এডিজি সিআইডি এবং বিনীত গোয়েলকে ডিজি ও আইজিপি (আইবি) পদে আসীন করা হয়েছে। এর পাশাপাশি মনোজ কুমার বর্মা এবং লক্ষ্মী নারায়ণ মিনাকেও নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্য সচিব পদে দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব পদে সঙ্ঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিধ্যেই জেল ও সংশোধনাগারের শীর্ষ পদেও পরিবর্তন এনেছে। রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে অপরাধীদের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নটরাজন রমেশ বাবুকে সংশোধনাগারের ডিজি করা হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই জেলা শাসক ও পুলিশ সুপার স্তরে আরও কিছু বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে।

