লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ ভিনরাজ্যে ভোটের ডিউটিতে বাংলার আরও ৬ আইএএস – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের আরও ছয়জন আইএএস অফিসারকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ুতে পাঠানো হয়েছে। এই তালিকায় রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দুই সচিব পি উলাগানাথন এবং শামা পরভিন রয়েছেন। বৃহস্পতিবারই তাঁদের নির্দিষ্ট কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে ভিনরাজ্যে বদলি করেছিল কমিশন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের সচিব পি উলাগানাথন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব শামা পরভিনের পাশাপাশি প্রীতি গোয়েল, সিয়াদ এন, অরবিন্দকুমার মিনা ও রানি এ আয়েশাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত ভোটের স্বচ্ছতা বজায় রাখতেই কমিশন এই পদক্ষেপ নিয়েছে। ইতিপূর্বে আইপিএস অফিসারদেরও একইভাবে কেরালা ও তামিলনাড়ুতে পাঠানোর নির্দেশিকা জারি করা হয়েছিল।

রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের এভাবে আচমকা বদলি নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এই প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই এই রদবদল করা হচ্ছে। এর ফলে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *