লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে ২ কোটি ব্রাহ্মণ পরিবারের ভোট মমতাকে দেওয়ার অঙ্গীকার সংগঠনের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলার ধরনামঞ্চে মঙ্গলবার পঞ্চম দিনেও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে উপস্থিত হয়ে ব্রাহ্মণ সমাজের প্রেসিডেন্ট ইন্দ্রনীল মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, বাংলার ৪টি সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় ২ কোটি ব্রাহ্মণ পরিবারের সদস্যের সমর্থন ও ভোট নিশ্চিতভাবেই ‘দিদি’র দিকে যাবে। বর্তমান সরকার ব্রাহ্মণ সমাজকে যে অনুদান ও সম্মান দিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

এদিন ধরনামঞ্চে এক ভিন্ন মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী। তুলি হাতে ক্যানভাসে ছবি এঁকে নির্বাচন কমিশনকে নজিরবিহীন কটাক্ষ করেন তিনি। ছবির মাঝখানে বড় অক্ষরে ‘SIR’ লিখে তার পাশেই ‘ভ্যানিশ কুমার’ লিখে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম উধাও হওয়া নিয়ে প্রতিবাদ জানান। মুখ্যমন্ত্রীর এই শৈল্পিক প্রতিবাদ ঘিরে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়।

উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে এই আন্দোলন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি বেশ কয়েকজন ‘জীবিত’ ব্যক্তিকে মঞ্চে হাজির করেছেন যাদের নাম তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে। এদিন ব্রাহ্মণ ও বৈষ্ণব সমাজের পাশাপাশি শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরাও তাঁর এই লড়াইয়ে সংহতি জানাতে ভিড় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *