লেটেস্ট নিউজ

নির্বাচন ঘিরে উত্তপ্ত ভাঙড় ও ক্যানিং, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তাপে ফুটছে ভাঙড় ও ক্যানিং। ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হিসেবে নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণার পরেই কাশিপুরের চন্ডিহাট এলাকায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। দেওয়ালে লিখন চলাকালীন তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, ক্যানিং পূর্বের চন্দনেশ্বর বাজারে তৃণমূল নেতা আরাবুল ইসলামের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ ওঠে এবং এর প্রতিবাদে আরাবুল ইসলাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়।

ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথে শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক লড়াই তীব্রতর হচ্ছে। সোমবার রাতে শওকত মোল্লার গাড়িতে হামলার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। ক্রমাগত হামলা ও পাল্টা হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার এই দুই ব্লক। রাজনৈতিক এই সংঘাত মোকাবিলায় প্রশাসন ও উত্তর কাশিপুর থানার পুলিশ কড়া নজরদারি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *