নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়া ও জুনিয়র ডক্টরস ফ্রন্টের অবস্থান – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা জলহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হওয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই বিষয়ে সংগঠনের কোনো সমর্থন বা আপত্তি সাজে না। তবে একজন সন্তানহারা মা কতটা অসহায় বোধ করলে ক্ষমতার অলিন্দে ন্যায়বিচার খুঁজতে বাধ্য হন, সেই প্রশ্নও তুলেছে তারা।
বিবৃতিতে জুনিয়র ডাক্তাররা জানান, নির্যাতিতার মা এমন একটি রাজনৈতিক দলকে বেছে নিয়েছেন যাদের ট্র্যাক রেকর্ড নারী নির্যাতনের নিরিখে উদ্বেগজনক। প্রভাবশালী নেতাদের দ্বারা দমনপীড়ন বা অভিযুক্তদের প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গ টেনে তারা একে ‘সোনার পাথরবাটি’র ন্যায়বিচার পাওয়ার চেষ্টার সঙ্গে তুলনা করেছেন। বিজেপি ছাড়াও সিপিএম, কংগ্রেস বা এসইউসিআই—যে কোনো দলের হয়ে লড়ার ক্ষেত্রেই সংগঠনের রাজনৈতিক অবস্থান একই থাকত বলে জানানো হয়েছে।
আন্দোলনকারীরা আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, ‘আন্দোলনকারীরা স্বার্থের জন্য পথে নেমেছিলেন’—এমন মন্তব্য তাঁদের গভীরভাবে আহত করেছে। তাঁদের দাবি, এই লড়াই ছিল ন্যায়বিচার ও কাঠামোগত পরিবর্তনের জন্য, কোনো রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে নয়। সামাজিক মাধ্যমে নির্যাতিতার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ জানিয়ে ফ্রন্ট স্পষ্ট করেছে যে, শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থনের সুযোগ তাদের নেই।

