লেটেস্ট নিউজ

‘নীরবও তো মোদীর বিদেশসঙ্গী ছিলেন’, আনন্দপুরকাণ্ডে শাহকে পাল্টা অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘিরে চড়ছে রাজনীতির পারদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আক্রমণের পাল্টা কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহ যখন এই ঘটনাকে রাজ্য সরকারের ‘দুর্নীতির ফল’ বলে দাগিয়ে দিচ্ছেন, তখন পাল্টা আক্রমণ শানিয়ে বিজেপিকে ‘শকুনের রাজনীতি’ না করার পরামর্শ দিলেন অভিষেক।

‘লাশের রাজনীতি করছে বিজেপি’: অভিষেক

এদিন আনন্দপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন অমিত শাহ। ক্ষতিগ্রস্ত কারখানা মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের যোগসূত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাল্টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি শকুনের মতো লাশের রাজনীতি করে। একটি বেসরকারি গুদামে কী আছে, তা সরকারের পক্ষে সবসময় জানা সম্ভব নয়। সরকার ইতিমদধ্যেই পদক্ষেপ করেছে, মালিককে গ্রেফতার করা হয়েছে।”

মোদী ও নীরব মোদী প্রসঙ্গ

কারখানা মালিকের বিদেশ সফর নিয়ে শাহের কটাক্ষের জবাবে অভিষেক মেহুল চোকসি ও নীরব মোদীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি প্রশ্ন তোলেন, “হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, সেই নীরব মোদী বা মেহুল চোকসিরা কার সফরসঙ্গী ছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের ছবি নেই?” অভিষেক আরও যোগ করেন, যদি আনন্দপুরের ঘটনার দায় মুখ্যমন্ত্রীর হয়, তবে ইন্দোরে দূষিত জল খেয়ে মৃত্যু বা গোয়ার অগ্নিকাণ্ডের দায় কি প্রধানমন্ত্রী নেবেন?

অমিত শাহের কড়া হুঁশিয়ারি

এর আগে রাজ্যে এসে আনন্দপুর কাণ্ড নিয়ে সরব হন অমিত শাহ। তাঁর দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং জলা জমিতে বেআইনিভাবে কারখানা তৈরির পরিণাম। শাহ প্রশ্ন তোলেন, “কেন কারখানার দরজা বাইরে থেকে বন্ধ ছিল? কেন শ্রমিকরা বেরোতে পারলেন না?” নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ তুলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন যে, কোনো অপরাধীকে আড়াল করার চেষ্টা করলে ফল ভালো হবে না।

বর্তমানে নিখোঁজ শ্রমিকদের সন্ধান এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে দু’পক্ষের বাকযুদ্ধ বঙ্গ রাজনীতির আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *