লেটেস্ট নিউজ

নেতানিয়াহুর পরামর্শেই ইরানে সামরিক অভিযান ট্রাম্পের, চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

রয়টার্সের একটি সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনাতেই ইরানে সামরিক অভিযান শুরু করেছিল আমেরিকা। ২৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর ঠিক আগে নেতানিয়াহু ট্রাম্পকে জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার এটিই শ্রেষ্ঠ সুযোগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইজ়রায়েল নিশ্চিত করেছিল যে খামেনেই তখন একটি বিশেষ বৈঠকে বসছিলেন, যার ফলে এই কৌশলগত হামলা অনিবার্য হয়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের নেতৃত্ব যখন ‘দুর্বল’ অবস্থানে ছিল, তখনই নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে অভিযানে রাজি করান। যদিও ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের দায়ভার কার্যত মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথের ওপর চাপিয়েছেন। ট্রাম্পের দাবি, হেগসেথই তাঁকে পরমাণু অস্ত্র রোধে প্রথম আক্রমণের পরামর্শ দিয়েছিলেন। ইতিপূর্বে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও পরমাণু সক্ষমতা ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সামরিক অভিযানের জেরে খামেনেই নিহত হন এবং ইরান পাল্টা আক্রমণ শুরু করে। পশ্চিম এশিয়ায় মার্কিন মিত্র দেশ ও ইজ়রায়েলে হামলার পাশাপাশি ইরান হরমুজ় প্রণালী অবরুদ্ধ করে দেয়। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহণ ব্যবস্থা চরম সংকটের মুখে পড়ে। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধ স্থগিত রেখে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ⏹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *