নেপাল রাজনীতিতে হুলুস্থুল! প্রাক্তন প্রধানমন্ত্রীর পর এবার শ্রীঘরে খোদ মন্ত্রী, কী কী উদ্ধার হলো ? – এবেলা
এবেলা ডেস্কঃ
নেপালের রাজনীতিতে বড়সড় রদবদল ঘটিয়ে ফের শিরোনামে বালেন শাহ। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াইয়ে এবার শ্রীঘরে প্রাক্তন জ্বালানিমন্ত্রী দীপক খড়কা। রবিবারের এক অতর্কিত অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইবি তাঁকে গ্রেফতার করেছে। বুধনীলকণ্ঠের বিলাসবহুল বাসস্থান থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
সরকারি জমি জবরদখল ও বিপুল পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগে বিদ্ধ এই বর্ষীয়ান নেতা। গোয়েন্দা সূত্রে খবর, মন্ত্রিত্বের অপব্যবহার করে ল্যাঞ্চর এলাকায় নেপাল স্কাউটসের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি নগদ টাকা এবং রহস্যজনকভাবে বহু পোড়া নোটের অবশিষ্টাংশ উদ্ধার করেছিল পুলিশ।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার ঘনিষ্ঠ এবং বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও শেষ রক্ষা হলো না খড়কার। বালেন শাহ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে ‘ক্লিন আপ’ অভিযান শুরু করেছেন, তারই অংশ হিসেবে একের পর এক রাঘববোয়ালকে খাঁচাবন্দি করা হচ্ছে। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলিকেও গ্রেফতার করেছিল বালেন সরকার। রাজনৈতিক মহলের ধারণা, এই তদন্তের রেশ আরও অনেক দূর গড়াবে।

