লেটেস্ট নিউজ

নোটবন্দি থেকে গ্যাসবন্দি মোদি সরকারের তুঘলকি সিদ্ধান্তে নাজেহাল দেশবাসী সরব তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

২০১৬ থেকে ২০২৬ দশ বছর ধরে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের। নোটবন্দি থেকে বর্তমানের তীব্র গ্যাস সংকট—কেন্দ্রের একের পর এক হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে এবার সরব হল তৃণমূল কংগ্রেস। শাসকদলের স্পষ্ট অভিযোগ, মোদি সরকারের পরিকল্পনাহীনতায় আমজনতার জীবন আজ দুর্বিষহ।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, দিল্লি এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। একদিকে রান্নার গ্যাসের তীব্র সংকট, অন্যদিকে আকাশছোঁয়া দাম। গ্যাসের দাম এক লাফে ৬০ টাকা বেড়ে এখন ১ হাজার টাকায় ঠেকেছে। মোদি সরকারের সাধের ‘উজ্জ্বলা’ যোজনার বেলুন আজ ফেটে গেছে। গৃহস্থের হেঁশেলে কার্যত আগুন লেগেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বুকিং করার পরেও গ্যাস মিলছে না। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে লাইনে দাঁড়াচ্ছেন।

তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে গত এক দশকের খতিয়ান তুলে ধরে জানিয়েছে, ২০১৬ সালে নোটবন্দির সময় নিজের টাকা তোলার জন্য মানুষকে ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইনে প্রাণপাত করতে হয়েছিল। ২০২০ সালে করোনা আবহে অক্সিজেনের জন্য হাহাকার আর লম্বা লাইন দেখেছে দেশ। ২০২৫-২৬ সালেও ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। গর্ভবতী মহিলা থেকে শুরু করে বৃদ্ধ ও দিনমজুর—সবাইকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে বাধ্য করা হয়েছে।

চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান, রান্নার গ্যাসের এই সংকটের জেরে রাজ্যে যাতে মিড-ডে মিল পরিষেবা ব্যাহত না হয়, সেদিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, গত ১২ বছর ধরে এক পরিকল্পনাহীন সরকার চলছে দেশে। নোটবন্দির সেই অভিশপ্ত লাইনের পর ২০২৬ সালেও মানুষকে গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে। এই চরম অব্যবস্থাপনার জবাব এখন সাধারণ মানুষ চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *