পকেটে কবে আসবে অষ্টম বেতন কমিশনের বাড়তি টাকা? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অষ্টম বেতন কমিশন নিয়ে লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেশ করল অর্থ মন্ত্রক। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত হওয়া এই কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে।
কবে বাড়বে বেতন?
সূত্র অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত টাকা হাতে পেতে ২০২৬ সালের শেষ বা এমনকি ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতীতেও এই ধরনের প্রক্রিয়ায় বিলম্বের নজির রয়েছে, তবে ১ জানুয়ারি ২০২৬ থেকেই বকেয়া বা এরিয়ার হিসেবে বেতন সংশোধনের সুবিধা মিলতে পারে।
মতামত জানানোর সময়সীমা বৃদ্ধি
সরকার MyGov পোর্টালে ১৮টি প্রশ্নের একটি বিস্তারিত প্রশ্নমালা আপলোড করেছে। কর্মচারী, পেনশনভোগী এবং সাধারণ মানুষের মতামত জানানোর শেষ তারিখ ১৬ মার্চের পরিবর্তে বাড়িয়ে ৩১ মার্চ ২০২৬ করা হয়েছে।
কাদের ওপর প্রভাব পড়বে?
ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রাহুল সিং জানান, এই বেতন কমিশনের সিদ্ধান্তের ওপর প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগীর ভাগ্য নির্ভর করছে। তবে কমিশনের সুপারিশ জমা পড়া এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের আগে কোনো আর্থিক সুবিধা কার্যকর হবে না।
সাংসদ এ রাজার প্রশ্নের উত্তরে লোকসভায় সরকার স্পষ্ট করেছে যে, বেতন বৃদ্ধির সঠিক শতাংশ বা পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। সম্পূর্ণ বিষয়টি এখন কমিশনের মূল্যায়নের পর্যায়ে রয়েছে।

