পঞ্চায়েত ভোটে লড়ার নেশা! পথের কাঁটা সরাতে নিজের মেয়েকেই খুন করলেন বাবা
নির্বাচনী বৈতরণী পার হতে মানুষ কত কী-ই না করে, কিন্তু নিজের সন্তানকে বলি দেওয়ার মতো নৃশংসতা হয়তো আগে কখনও দেখেনি কেউ। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ছোট মেয়ে, আর সেই ‘পথের কাঁটা’ সরাতে নিজের সন্তানকেই গলা টিপে খুন করার অভিযোগ উঠল এক বাবার বিরুদ্ধে। মহারাষ্ট্রের নান্দেড় জেলার কেরুর গ্রামে এই শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্ত পান্ডুরং কন্দমানগালেকে গ্রেফতার করেছে।
তদন্তে জানা গিয়েছে, পেশায় নাপিত পান্ডুরংয়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। কিন্তু মহারাষ্ট্রের নির্বাচনী আইন অনুযায়ী, দুইয়ের বেশি সন্তান থাকলে কেউ ভোটে দাঁড়াতে পারেন না। পান্ডুরংয়ের ছিল তিন সন্তান। নিয়মের বেড়াজালে নিজের রাজনৈতিক স্বপ্নভঙ্গ হতে দেখে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। অভিযোগ, তিন সন্তানের মধ্যে এক মেয়েকে তিনি হত্যা করেন যাতে সরকারি খাতায় তাঁর সন্তানের সংখ্যা দুই হয়ে যায় এবং তিনি নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হন। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

