পথকুকুরের ‘গণহত্যা’, বিষ খাইয়ে নিধন ২০০ সারমেয় – এবেলা
এবেলা ডেস্কঃ
তেলঙ্গানার হানামকোন্ডা জেলায় পথকুকুরদের ওপর নৃশংসতার এক চরম নিদর্শন প্রকাশ্যে এসেছে, যা ঘিরে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলার শ্যামপেট মণ্ডলের পাথিপাকা গ্রামে প্রায় ২০০টি পথকুকুরকে বিষ প্রয়োগ করে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ভয়াবহ ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমী ও প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।
প্রাণী অধিকার কর্মীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং রাজ্যজুড়ে পথকুকুর নিধনের একটি বৃহত্তর ও বীভৎস ছকের অংশ। ‘স্ট্রিট অ্যানিমেল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত তেলঙ্গানার বিভিন্ন প্রান্তে প্রায় ১১০০টি পথকুকুরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বিষ প্রয়োগ বা অন্য কোনো নিষ্ঠুর পদ্ধতিতে তাদের হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এই অমানবিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্য এ. গৌতম। তিনি ইতিমধ্যেই স্থানীয় থানায় এই গণহত্যার বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এত বিপুল সংখ্যক প্রাণীর মৃত্যুতে প্রশাসনের নজরদারি এবং প্রাণী সুরক্ষা আইন কার্যকর করা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

