পদত্যাগ নিয়ে বিস্ফোরক জগদীপ ধনকড়: অসুস্থতা নিয়ে ভুল ব্যাখ্যায় ক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
গত বছর জুলাই মাসে উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন জগদীপ ধনকড়। তখন তাঁর পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতাকে তুলে ধরা হলেও, বৃহস্পতিবার রাজস্থানের চুরুতে আয়োজিত এক জনসভায় সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিলেন তিনি। ধনকড় স্পষ্ট জানান, পদত্যাগের সময় তিনি কোথাও অসুস্থতার কথা উল্লেখ করেননি।
জনসভায় ধনকড় দাবি করেন, স্বাস্থ্যকে সবসময় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন এবং এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। পদত্যাগের সময় তিনি কেবল নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার বার্তা দিয়েছিলেন, কিন্তু সেই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল বলে তাঁর অভিযোগ। ইস্তফার পর দীর্ঘসময় তিনি জনসমক্ষে আসেননি, যা নিয়ে বিরোধী শিবিরে ব্যাপক জল্পনা ছড়িয়েছিল।
উল্লেখ্য, গত জুলাইয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় স্বাস্থ্যজনিত কারণের কথা সামনে এসেছিল। সেই সিদ্ধান্তের প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ সাত মাস পর ধনকড়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পুনরায় দেখা যাওয়ার আগে তাঁর অন্তর্ধান ও ইস্তফা ঘিরে একাধিক প্রশ্ন তুলেছিল বিরোধীরা, যার জবাব যেন আজ দিলেন তিনি।

