লেটেস্ট নিউজ

পরকীয়ার টানে স্বামীকে ছেড়েছেন স্ত্রী তবুও কেন চাইলেন ১৫ হাজার টাকা খোরপোশ – এবেলা

এবেলা ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি আদালতের শুনানির ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। দাম্পত্য কলহ, নৈতিকতা এবং খোরপোশ সংক্রান্ত আইনি মারপ্যাঁচ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনাটি এমন এক স্বামীর, যার স্ত্রী পরকীয়ার টানে ঘর ছেড়েছেন, অথচ এখন স্বামীর কাছেই দাবি করছেন মোটা অঙ্কের মাসিক ভাতা।

আদালতে পেশ করা তথ্য অনুযায়ী, ২০১৫ সালে এই দম্পতির বিয়ে হয়েছিল। সব কিছু ঠিকঠাক চললেও ২০২১ সালে হঠাৎই স্বামীকে ছেড়ে চলে যান ওই নারী। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ালে স্ত্রী অকপটে স্বীকার করেন যে, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেম করছেন এবং স্বামীর সঙ্গে আর থাকতে চান না। বর্তমানে ওই ব্যক্তি তাঁর দুই নাবালক সন্তানকে একাই বড় করছেন।

শুনানি চলাকালীন বিচারক যখন জানতে চান যে স্ত্রী কি সত্যিই বাড়ি ভাড়ার জন্য ৫,০০০ টাকা এবং খোরপোশ বাবদ ১০,০০০ টাকা দাবি করেছেন? স্বামী তাতে সম্মতি জানান। বিচারক প্রশ্ন করেন, “এই টাকা আপনার কাছে বেশি মনে হচ্ছে কেন?” জবাবে ওই ব্যক্তি নিজের আর্থিক সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, তাঁর মাসিক আয় ৬০,০০০ টাকা। এর মধ্যে ২০,০০০ টাকা ঋণের কিস্তিতে চলে যায়। বাকি ৪০,০০০ টাকায় দুই সন্তানের পড়াশোনা, খাওয়া-দাওয়া এবং আনুষঙ্গিক খরচ সামলাতে হয় তাঁকে।

ওই ব্যক্তির জোরালো যুক্তি ছিল যে স্ত্রী নিজের ইচ্ছায় অন্য পুরুষের সঙ্গে থাকতে ঘর ছেড়েছেন, তাঁকে এত বড় অঙ্কের টাকা দেওয়া মানে নিজের সন্তানদের ভবিষ্যতের সঙ্গে আপস করা। আদালত এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত রায় দেয়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পরকীয়ার কারণে ঘর ছাড়ার পরেও কি স্ত্রী খোরপোশ পাওয়ার অধিকারী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *