লেটেস্ট নিউজ

পরমাণু শহর ডিমোনা কাঁপিয়ে ইরানের মিসাইল হামলা! কেন ইজরায়েলের এই শহরকে বলা হয় ‘লিটল ইন্ডিয়া’ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের ভয়াবহ পালটা মরণকামড় ইজরায়েলে। ইহুদি রাষ্ট্রের অতীব সংবেদনশীল পরমাণু গবেষণা কেন্দ্র সংলগ্ন ডিমোনা শহরে আছড়ে পড়ল ইরানি ব্যালিস্টিক মিসাইল। শনিবারের এই আকস্মিক হামলায় ১২ বছরের এক শিশুসহ অন্তত ৪৭ জন গুরুতর আহত হয়েছেন। খোদ ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্বীকার করে নিয়েছে যে, তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইল রুখতে ব্যর্থ হয়েছে।

পরমাণু কেন্দ্রে হামলা ও সংঘাতের তীব্রতা

সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইজরায়েল ও আমেরিকার যৌথ এয়ারস্ট্রাইকের পরই রণংদেহি মেজাজে ধরা দিল তেহরান। ডিমোনা ও আরাদ শহরকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়া হয়। ইজরায়েলি সেনা প্রধান জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, এই যুদ্ধ সমাপ্তি থেকে এখনও অনেক দূরে। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দাবি অনুযায়ী, চলতি সংঘাতে নিহতের সংখ্যা ইতিমধ্য়েই ১৫০০ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও এই পরমাণু কেন্দ্রে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

কেন এই ডিমোনাকে বলা হয় ‘লিটল ইন্ডিয়া’?

হামলার শিকার ডিমোনা শহরের সঙ্গে ভারতের নাড়ির টান অত্যন্ত গভীর। এই শহরের প্রায় ৩০ শতাংশ বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ইহুদি। মূলত মহারাষ্ট্র থেকে যাওয়া প্রায় ৭,৫০০ ভারতীয় এখানে বসবাস করেন। ডিমোনার অলিতে-গলিতে আজও মারাঠি ভাষা শোনা যায়। এখানকার দোকানে অনায়াসেই মেলে সোনপাপড়ি, গুলাব জামুন বা ভেলপুরির মতো ভারতীয় খাবার। এমনকি ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ক্রিকেটও এখানে সমান জনপ্রিয়।

ক্ষয়ক্ষতির খতিয়ান

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি কমিউনিটি বিল্ডিংয়ের ওপর মিসাইলটি আছড়ে পড়ায় আশেপাশের পুরনো বাড়িগুলো ধসে পড়েছে। উদ্ধারকারী সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডোম’ জানিয়েছে, মিসাইলের স্প্লিন্টারে এক শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া কাঁচের টুকরোয় জখম হয়েছেন বহু মানুষ। যুদ্ধের এই লেলিহান শিখা এখন সরাসরি পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করায় গোটা বিশ্বের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *