পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টাকে চাইলেন শফিকুর রহমান, জামায়াত আমিরের আজব আবদারে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে প্রশাসনিক স্তরে রদবদল যখন তুঙ্গে, ঠিক তখনই এক নজিরবিহীন দাবি তুললেন জামায়াতে ইসলামীর আমির তথা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। নিজের ব্যক্তিগত বিদেশ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছেন তিনি।
গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লেখা এক চিঠিতে শফিকুর রহমান এই অনুরোধ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ভূ-রাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি সঠিকভাবে পরিচালনার স্বার্থে এই নিয়োগ অত্যন্ত জরুরি। শফিকুর রহমানের মতে, তাঁর উপদেষ্টাকে এই দায়িত্ব দিলে বিরোধী দলের নীতিসমূহ সরকারের কাছে তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা সহজ হবে।
নিজের এই প্রস্তাবকে ‘নতুন’ ও ‘অভিনভ’ হিসেবে দাবি করেছেন জামায়াত আমির। চিঠিতে তিনি আরও জানান, অধ্যাপক মাহমুদুল হাসান জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র ও সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এখন সেই অভিজ্ঞতাকে রাষ্ট্রীয় কাজে লাগানোর জন্যই তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের এই সুপারিশ। সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় নিজের প্রতিনিধি বসানোর এই আবদার নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

