পরিবেশে ১০ বছর ধরে বিষ ছড়ায় সিগারেটের ফিল্টার: চাঞ্চল্যকর তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
সম্প্রতি ‘এনভার্নমেন্টাল পলিউশন’ জার্নালে প্রকাশিত এক দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, সিগারেটের ফেলে দেওয়া ফিল্টার বা অবশিষ্টাংশ ১০ বছর পরেও পরিবেশে বিষাক্ত প্রভাব বজায় রাখে। মূলত সেলুলোজ অ্যাসিসেট নামক প্লাস্টিক পলিমার দিয়ে তৈরি এই ফিল্টারগুলো মাটিতে সহজে মিশতে চায় না। দীর্ঘ এক দশক ধরে পর্যবেক্ষণের পর গবেষকরা জানিয়েছেন, এগুলো পুরোপুরি ধ্বংস হওয়ার পরিবর্তে ক্ষুদ্রাতিক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণা হিসেবে মাটিতে রয়ে যায়।
গবেষণার তথ্য অনুযায়ী, শহুরে এলাকা বা শুষ্ক মাটিতে ১০ বছর পর মাত্র ৫২ শতাংশ ফিল্টার পচেছে, আর উর্বর ও জৈব পদার্থসমৃদ্ধ মাটিতে এই হার সর্বোচ্চ ৮৪ শতাংশ। প্রাথমিক কয়েক সপ্তাহ পচনের গতি কিছুটা দ্রুত থাকলেও পরবর্তীতে তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও ফিল্টারের তন্তুগুলো পরিবেশে টিকে থাকে, যা মাটির গুণমান ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদি হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
এছাড়া গবেষণায় আরও দেখা গেছে যে, ফেলে দেওয়া ফিল্টার থেকে নিকোটিন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো মারাত্মক বিষাক্ত যৌগ নির্গত হয়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই বিষের তীব্রতা কিছুটা কমে, তবে তা কখনোই পুরোপুরি নিঃশেষ হয় না। বৃষ্টির জল বা জলাশয়ের সংস্পর্শে এলে এই রাসায়নিকগুলো জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি করে। সিগারেটের এই ক্ষুদ্র অংশটি যে দীর্ঘকাল ধরে পরিবেশের জন্য ‘নীরব ঘাতক’ হিসেবে কাজ করছে, গবেষণার ফলাফল তারই প্রমাণ দেয়।

