পর্দার জনপ্রিয় বউমা থেকে রাজনীতির ময়দান, সমালোচকদের মুখে ঝামা ঘষে ফের ভোটের লড়াইয়ে লাভলি মৈত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রকে নিয়ে ফের উত্তাল টলিপাড়া থেকে রাজনৈতিক মহল। সরকারি আমলার স্ত্রী হয়েও কেন রাজনীতির কাদা-মাখা পথে পা বাড়ালেন, সেই খোটা শুনতে হয়েছিল গতবারও। তবে সমস্ত সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। এবার লড়াই আরও কঠিন, কারণ সামনে খোদ বিজেপি তারকা রূপা গঙ্গোপাধ্যায়।
ভোটের জন্য চলতি মেগা সিরিয়াল ‘চিরসখা’ থেকে সাময়িক বিরতি নিয়েছেন লাভলি। রাজনীতির ব্যস্ততার মাঝেও অভিনয়কে কখনও বিদায় জানাননি তিনি। ‘জল নুপুর’-এর সেই জনপ্রিয় ‘কাজু’ চরিত্র থেকে শুরু করে ‘সাত পাকে বাঁধা’, ‘বিন্নি ধানের খই’, কিংবা ‘সুবর্ণলতা’— দীর্ঘ ক্যারিয়ারে বারবার দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। এমনকি সাম্প্রতিককালের সুপারহিট ধারাবাহিক ‘মোহর’ বা ‘গুড্ডি’-তেও তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একদিকে শুটিং ফ্লোরের লাইট-ক্যামেরা-অ্যাকশন, অন্যদিকে তপ্ত রোদে ভোটের প্রচার— দুই ধারাতেই সমান সাবলীল লাভলি। এবার সোনারপুরে কি দুই তারকার ‘ক্যাটফাইট’ দেখা যাবে নাকি সমানে সমানে টক্কর দেবে রাজনৈতিক আদর্শ? আপাতত সেই চর্চায় সরগরম রাজ্য রাজনীতি।

