লেটেস্ট নিউজ

পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর. এন. রবি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন অভিজ্ঞ প্রাক্তন আইপিএস অফিসার আর. এন. রবি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ লোকভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। গত ৫ মার্চ সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে স্থলাভিষিক্ত হলেন তিনি।

১৯৭৬ ব্যাচের কেরালা ক্যাডারের এই দুঁদে আমলা ইতিপূর্বে নাগাল্যান্ড, মেঘালয় ও তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এবং সিবিআই-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এ ছাড়াও তিনি ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। দুর্নীতি দমন ও সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে তাঁর বিশেষ দক্ষতা ও দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজভবনে রবির আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত বারবার শিরোনামে উঠে এসেছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মতো সংবেদনশীল রাজ্যে তাঁর ভূমিকা কেমন হয় এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় থাকে কি না, সেদিকেই এখন সবার নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *