পশ্চিমবঙ্গে অশান্তি চললে এসআইআর শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুনানিকে কেন্দ্র করে ক্রমাগত বাড়তে থাকা অশান্তির জেরে এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো হয়েছে যে রাজ্যের কোথাও বিশৃঙ্খলা বা অশান্তি দেখা দিলে সংশ্লিষ্ট কেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য শুনানি প্রক্রিয়া বন্ধ রাখা হবে। এই মর্মে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। মূলত নির্বিঘ্নে প্রক্রিয়া সম্পন্ন করতেই এই কঠোর অবস্থান নিয়েছে কমিশন।
সম্প্রতি চাকুলিয়া, ইটাহার, বাঁকুড়া এবং মুর্শিদাবাদসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানি চলাকালীন চরম অশান্তির খবর সামনে এসেছে। বেশ কিছু জায়গায় গোলমালের জেরে বাধ্য হয়ে শুনানি স্থগিত রাখতে হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন প্রতিটি জেলা থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। শান্তি বজায় না থাকলে শুনানি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের নজর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পুনরায় কাজ শুরু করার দিকে।

