পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি: স্বার্থপর রাজনীতি বর্জন ও ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে ‘কঠিন সময়’ হিসেবে অভিহিত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, এই সংকটকালে ১৪০ কোটি ভারতীয়র স্বার্থ জড়িয়ে আছে, তাই একে নিয়ে ‘স্বার্থপর রাজনীতি’ করা অনুচিত। গুজব এড়িয়ে চলে সরকারি তথ্যের ওপর আস্থা রাখার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিকূলতা জয়ের আশাপ্রকাশ করেন তিনি।
উপসাগরীয় দেশগুলিতে কর্মরত এক কোটিরও বেশি ভারতীয়র নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সংকটময় মুহূর্তে ভারতীয়দের সহায়তা করার জন্য তিনি বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গত এক দশকে বহির্বিশ্বে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং কৌশলগত সুসম্পর্কই বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় সাহয়তা করছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত এক মাস ধরে পশ্চিম এশিয়ায় চলা ইরান ও ইজরায়েল-আমেরিকা যৌথ বাহিনীর সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করেছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জানান, ভারত অত্যন্ত সাহসিকতার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে। যুদ্ধ ও সংঘাতের আবহে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে তিনি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।

