পশ্চিম এশিয়ায় সংঘাত: করোনা মোকাবিলার মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চলমান উত্তপ্ত পরিস্থিতির আবহে লোকসভায় দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতীতের করোনা মহামারির অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যেকোনো কঠিন পরিস্থিতির মোকাবিলায় ঐক্যই প্রধান শক্তি। বর্তমান বিশ্বজুড়ে তৈরি হওয়া অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর প্রভাব মোকাবিলায় ভারতকে আগাম প্রস্তুতি নিতে হবে বলে তিনি স্পষ্ট জানান।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্যপথে বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তবে দেশের অভ্যন্তরে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র সবরকম পদক্ষেপ নিচ্ছে এবং শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে আলোচনা চলছে।
দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি ভারতীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অসাধু চক্র যাতে সুযোগ নিতে না পারে, সেজন্য সীমান্ত ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। সংকটের এই সময়ে দেশবাসীকে ধৈর্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

