পশ্চিম এশিয়ায় ১ হাজার ‘ভয়ংকর’ সেনা পাঠাচ্ছে আমেরিকা, ট্রাম্পের এই চাঞ্চল্যকর চালে কি যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে পেন্টাগনের এক আকস্মিক সিদ্ধান্তে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে যখন শান্তিবৈঠক আর যুদ্ধবিরতির আবহ তৈরি হচ্ছিল, ঠিক তখনই আমেরিকার সবচেয়ে বিধ্বংসী সামরিক ইউনিট ‘৮২ এয়ারবোর্ন ডিভিশন’-এর এক হাজার সেনাকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগ থেকে এই বিশেষ বাহিনীকে পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে মোতায়েন করার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
যদিও ট্রাম্প প্রশাসনের একটি সূত্র দাবি করেছে যে সরাসরি ইরানে সেনা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে এই পদক্ষেপকে আমেরিকার আধিপত্য বিস্তারের এক সুদূরপ্রসারী কৌশল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে যে কোনো সামরিক সংঘাত মোকাবিলায় ত্বরিত পদক্ষেপ করতেই এই আগাম প্রস্তুতি। শান্তির বার্তার আড়ালে ট্রাম্পের এই সমর কৌশল কি নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, সেই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

