পশ্চিম এশিয়ায় ৬ ভারতীয়র মৃত্যু, আটকে পড়াদের উদ্ধারে তৎপর বিদেশ মন্ত্রক – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম আর মহাজন নিশ্চিত করেছেন যে সৌদি আরব, ওমান, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের সঙ্গে নিরন্তর সমন্বয় রক্ষা করা হচ্ছে। মৃতদের দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট দূতাবাসগুলো।
গত ১৮ মার্চ রিয়াধে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। রিয়াধের ভারতীয় দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে ভারতীয় দূতাবাসগুলো নিবিড় যোগাযোগ রাখছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩০ হাজারেরও বেশি ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব ও কাতার থেকে বিশেষ বিমান পরিষেবা চালু থাকলেও কুয়েত ও বাহরিন থেকে আপাতত কোনো বিমান চলাচল করছে না। কাতারের আকাশসীমা আংশিকভাবে খোলা থাকায় সেখান থেকেও নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

