পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে এলপিজি সংকট: শহর ও শহরতলিতে অটো পরিষেবা বিপর্যস্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে রাজ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে কলকাতা, বিধাননগর, হাওড়া ও হুগলিসহ দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় অটো পরিষেবা কার্যত লাটে উঠেছে। সরবরাহ কমায় প্রতি কেজি এলপিজির দাম একলাফে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬২.৬৮ টাকায়। পর্যাপ্ত জ্বালানি না থাকায় অধিকাংশ রুটে অর্ধেকের বেশি অটো চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
জ্বালানি সংকটের সুযোগে বারাসাত, ব্যারাকপুর ও বিধাননগরের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোতে অটোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বহু জায়গায় অঘোষিতভাবে ভাড়া বৃদ্ধির অভিযোগ তুলেছেন নিত্যযাত্রীরা। ব্যারাকপুর-ডানলপ রুটে ভাড়া ১০ টাকা পর্যন্ত বেড়েছে। কল্যাণী ও হুগলিতেও প্রায় ৭৫ শতাংশ অটো বন্ধ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ ‘কাটা গ্যাস’ ব্যবহারের রমরমা কারবার শুরু হয়েছে। বিশেষ করে বনগাঁর মতো সীমান্ত এলাকায় চড়া দামে রান্নার সিলিন্ডার অটোচালকদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। পুলিশি নজরদারির অভাবকে কাজে লাগিয়ে এই বিপজ্জনক কারবার চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে যাত্রী দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

