পাঁচলায় বিষাক্ত গ্যাসের দাপট: অসুস্থ বহু গ্রামবাসী, জাতীয় সড়ক অবরোধে উত্তাল এলাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্পঞ্জ আয়রন কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কারখানার নতুন বিভাগ চালুর পর থেকেই বাতাসে ভারী দূষিত গ্যাস ছড়িয়ে পড়ছে। এর ফলে কুলাই ও বেলডুবি গ্রামের বাসিন্দাদের শ্বাসকষ্ট, বুক জ্বালা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে। পরিস্থিতি চরমে পৌঁছালে শুক্রবার ১০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
প্রতিবাদে শনিবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা ১৬ নম্বর জাতীয় সড়কের কুলাই মোড়ে সার্ভিস রোড এবং কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের দাবি, গুদাম তৈরির প্রতিশ্রুতি দিয়ে গোপনে কারখানার উৎপাদন বাড়ানো হয়েছে। এর আগেও দূষণ নিয়ে অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি। খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে দীর্ঘক্ষণ পর অবরোধ ওঠে।
কারখানা কর্তৃপক্ষ আগামী বুধবার গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে এবং আপাতত বিতর্কিত বিভাগটি বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও দ্রুত এই জনস্বাস্থ্য সংকটের স্থায়ী সমাধান দাবি করেছেন। তবে এর আগে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় ক্ষোভ কমেনি সাধারণ মানুষের। বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

