পাঁশকুড়া পূর্বে বিজেপিতে প্রার্থী অসন্তোষ: আদি-নব্য দ্বন্দ্বে ঘরবন্দি কর্মীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অন্দরে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। দলের দীর্ঘদিনের পরিচিত কোনো মুখকে গুরুত্ব না দিয়ে ব্যবসায়ী সুব্রত মাইতিকে টিকিট দেওয়ায় আদি বিজেপি কর্মীদের একটি বড় অংশ সরব হয়েছেন। অভিযোগ উঠেছে, প্রার্থী নিজে প্রচারে নামলেও দলের পুরনো এবং প্রভাবশালী নেতাদের একাংশ এখনও ‘ঘরবন্দি’ হয়ে রয়েছেন।
আদি ও নব্য বিজেপি কর্মীদের এই দ্বন্দ্ব মেটাতে মরিয়া হয়ে উঠেছেন দলের ভোট ম্যানেজাররা। কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন ঘড়ার মতো প্রভাবশালী নেতাদের নিষ্ক্রিয়তা চিন্তায় ফেলেছে নেতৃত্বকে। বিক্ষুব্ধদের মানভঞ্জনে কৃষ্ণেন্দু দাস ও বিশ্বনাথ রামের মতো নেতারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের আর্জি জানাচ্ছেন। যদিও স্থানীয় নেতৃত্ব দাবি করছে যে অধিকাংশ কর্মীকে বুঝিয়ে ময়দানে নামানো সম্ভব হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এবার অভিজ্ঞ বিপ্লব রায়চৌধুরীর বদলে অসীম মাজিকে প্রার্থী করেছে। বামফ্রন্টের হয়ে লড়াইয়ে আছেন ইব্রাহিম আলি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির ভেতরের এই কোন্দল শেষ পর্যন্ত ভোটের বাক্সে কী প্রভাব ফেলে, তা ৪ঠা মে পরিষ্কার হবে। আপাতত অন্তর্কলহ সামাল দিয়ে জয় নিশ্চিত করাই পদ্ম শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

