লেটেস্ট নিউজ

পাকিস্তানি হকির পুনরুত্থানে বড় পদক্ষেপ মহসিন নকভির, অধিনায়কের শাস্তি প্রত্যাহার ও অর্থ পুরস্কারের ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে চাপে থাকলেও, দেশের হকিকে বাঁচাতে এগিয়ে এলেন পিসিবি চেয়ারম্যান তথা অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী মহসিন নকভি। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান হকি দলের চরম অব্যবস্থা এবং লাঞ্ছনার প্রতিবাদ করায় অধিনায়ক শাকিল বাটকে দুই বছরের জন্য নির্বাসিত করেছিল হকি ফেডারেশন (পিএইচএফ)। নকভি সেই শাস্তিকে অন্যায় আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন এবং পিএইচএফ-এর অভ্যন্তরীণ অচলাবস্থা নিরসনে সরাসরি হস্তক্ষেপ করেছেন।

খেলোয়াড়দের মনোবল বাড়াতে নকভি প্রতিটি সদস্যের হাতে ১০ লক্ষ পাকিস্তানি রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ২৬ হাজার টাকা) আর্থিক পুরস্কার তুলে দেন। অস্ট্রেলিয়ার হোটেলে খেলোয়াড়দের দিয়ে বাসন মাজা বা ঘর পরিষ্কার করানোর মতো ন্যাক্কারজনক ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন তিনি। একইসঙ্গে হকি খেলোয়াড়দের উন্নত চিকিৎসার জন্য ক্রিকেট বোর্ডের (পিসিবি) আধুনিক পরিকাঠামো ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উন্নত বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

শনিবার থেকে শুরু হতে চলা বিশেষ প্রশিক্ষণ শিবিরের তদারকি করে নকভি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় সম্মানের প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি পিএইচএফ-এর সভাপতি হতে অনিচ্ছুক হলেও বর্তমান সংকট না মেটা পর্যন্ত খেলোয়াড়দের পাশে থাকার অঙ্গীকার করেছেন। মিশরে অনুষ্ঠিতব্য যোগ্যতা অর্জন পর্বের আগে অধিনায়ককে দলে ফিরিয়ে আনা এবং হকি কর্তাদের নিজেদের ভুল সংশোধনের কড়া বার্তা দিয়ে তিনি খেলাটির হৃত গৌরব পুনরুদ্ধারে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *