পাকিস্তানি ‘হানি ট্র্যাপে’ বন্দি জয়সলমেরের যুবক! ফাঁস দেশের গোপন তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের জয়সলমের থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ঝবরারাম মেঘওয়াল নামের এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নেহদান গ্রামের ওই বাসিন্দা দীর্ঘ চার বছর ধরে অনলাইন পরিষেবা কেন্দ্র চালাতেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক মহিলা হ্যান্ডলারের ফাঁদে পা দিয়ে তিনি ভারতের কৌশলগত ও গুরুত্বপূর্ণ নথিপত্র পাচার করেছেন।
আটক ঝবরারামকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁর মোবাইল ও কম্পিউটার বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বেচ্ছায় তথ্য দিয়েছেন নাকি কোনো চাপের মুখে এই কাজ করেছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ১০০০ কিমি দীর্ঘ স্পর্শকাতর এই সীমান্ত এলাকায় বর্তমানে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

