পাকিস্তানের যুদ্ধবিমান ধসিয়ে দিল তালিবান! রণক্ষেত্র কাবুল ও পাক-আফগান সীমান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্বলছে মধ্যপ্রাচ্য, তার মধ্যেই চরম উত্তপ্ত পাক-আফগান সম্পর্ক। রবিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। তালিবান সরকারের অভিযোগ, কাবুলের ঘনবসতিপূর্ণ এলাকায় অতর্কিতে গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা। পালটা আঘাত হানতে দেরি করেনি তালিবান যোদ্ধারাও। দুপক্ষের এই রক্তক্ষয়ী সংঘর্ষ এখন কার্যত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি এসেছে তালিবান প্রশাসনের পক্ষ থেকে। তারা জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন করায় পাকিস্তানের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে আফগান ফৌজ। শুধু তাই নয়, জালালাবাদ সীমান্তে পাক বায়ুসেনার একজন উইং কমান্ডারকে বন্দি করার দাবিও করেছে তারা। গত কয়েকদিনের লড়াইয়ে ইতিমধ্যেই পাকিস্তানের অন্তত ১২টি সেনা পোস্ট দখল করে নিয়েছে তালিবান, যেখানে মৃত্যু হয়েছে প্রায় ৫৫ জন পাক সেনার।
রবিবার সকাল থেকেই কাবুলের আকাশে পাক যুদ্ধবিমানের আনাগোনা বাড়লে সক্রিয় হয়ে ওঠে আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রাজধানী লক্ষ্য করে পাকিস্তান বড়সড় বিমান হামলার ছক কষছে, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আফগান বাহিনী। বর্তমানে সীমান্ত পেরিয়ে দুই দেশের মধ্যে চলছে অবিরাম গুলির লড়াই। এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

